খুলনায় পাটকল শ্রমিকদের ধর্মঘট, রাজপথ রেলপথ অবরোধ শুরু

আপডেট : ১৩ মে ২০১৯, ২২:১৪

খুলনা অফিস

পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল সোমবার থেকে বিজেএমসি (বাংলাদেশ জুট মিলস করপোরেশন) খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটগুলোতে ধর্মঘট শুরু হয়েছে। পাশাপাশি গতকাল বিকেল চারটা হতে সাতটা পর্যন্ত তিনঘণ্টা বিক্ষুব্ধ শ্রমিকরা রাজপথ-রেলপথ অবরোধ করে। এ সময় সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দ পাটশিল্প রক্ষায় সরকারের প্রতি বিজেএমসি বিলুপ্ত করার আহ্বান জানিয়ে বলেন, বিজেএমসি পাটকলগুলো রক্ষা করতে পারবে না। পাটকল কোনোভাবেই লোকসানি প্রতিষ্ঠান নয়, অদক্ষ ব্যবস্থাপনার কারণে লোকসান হচ্ছে, আর তার দায় শ্রমিকদের ঘাড়ে চাপানো হচ্ছে।’ পাটকল শ্রমিক লীগ এবং সিবিএ-নন সিবিএ ঐক্যপরিষদ ৯ দফা দাবিতে সারা দেশের পাটগুলোতে এই অনির্দিষ্টকালের ধর্মঘট, সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচির ডাক দেয়।