নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়ন পরিষদের কার্যালয় স্থানান্তর নিয়ে দ্বন্দ্বের কারণে গত সাত মাস ধরে বন্ধ রয়েছে ইউপি ভবন। বর্তমানে ইউনিয়ন ভূমি অফিসের ভগ্নপ্রায় ঘরে পরিষদের কার্যক্রম চলছে। তবে চেয়ারম্যান আনিছুর রহমান খেচু জানিয়েছেন, পরিষদের নিজস্ব ভবনে ফাটলের কারণে সেটি বন্ধ আছে। জানা গেছে, ১৯৬৪ সালে দাসগ্রামে চান্দাই ইউনিয়ন পরিষদের কার্যালয় স্থাপিত হয়। গত নভেম্বর মাসে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার নিজ গ্রাম চান্দাইয়ে পরিষদের ভবন স্থানান্তরের চেষ্টা করেন। এ খবর জানাজানি হলে দাসগ্রামসহ কয়েকটি গ্রামের সহস্রাধিক মানুষ পরিষদের সামনে রাজাপুর-জোনাইল সড়ক অবরোধ করে। তারা মাথায় কাফনের কাপড় বেঁধে, মহিলারা ঝাড়ু নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। পরে সহকারী কমিশনার (ভূমি) সারওয়ার আলম ও সহকারী পুলিশ সুপার মাহফুজুজ্জামান আশরাফ ঘটনাস্থলে গিয়ে তাদের দাবি বিচেনার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। এই ঘটনার পর থেকে চেয়ারম্যান কার্যালয়টি বন্ধ রেখে চান্দাই বাজারে ইউনিয়ন ভূমি অফিস ও ডাকঘরের একটি কক্ষ দখল করে সেখানে পরিষদের কার্যক্রম চালাচ্ছেন। চেয়ারম্যান যেখানে অফিস করছেন সেটি আরও বেশি ঝুঁকিপূর্ণ। ভগ্নপ্রায় ভবনটিতে বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা। ডাকঘরটি দখল করে নেয়ায় পোস্টমাস্টার পড়েছেন বিপাকে। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদ রক্ষা আন্দোলন কমিটির সভাপতি আব্দুল মালেক জানান, পরিষদের ভবন নিয়ে দ্বন্দ্বের কারণে আন্দোলনের পর থেকেই চেয়ারম্যান আর পরিষদে আসেন না। বাড়ির কাছে একটি অফিসে বসে কাজ করেন। এতে জনগণের ভোগান্তি হচ্ছে
