কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির স্থগিতকৃত লাগাতার কর্মবিরতি আবার শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে ৩য় বারের মত আবার ৫ দফা দাবিতে লাগাতার কর্মবিরতি পালন করছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গত সোমবার শিক্ষক সমিতির সাধারণ সভায় এই কর্মবিরতির সিদ্ধান্ত নেয়া হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষক সমিতি।
পদোন্নতি নীতিমালা, পারিতোষিক বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ, বিভিন্ন ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে শিক্ষক সমিতি গত ফেব্রুয়ারি ২৪ তারিখ থেকে ১ম বারের মত লাগাতার কর্মবিরতি ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। তখন উপাচার্যের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাদের আন্দোলন স্থগিত করা হয়। পরে মার্চ মাসে শেষ থেকে এপ্রিল মাসের ১৫ তারিখ পর্যন্ত ২য় বারের মত শিক্ষক সমিতি ৫ দফা দাবিতে আন্দোলন করে।
শিক্ষক সমিতি সূত্র জানায়, উপাচার্যের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলন এপ্রিলে স্থগিত করা হয়। তারপর কয়েক মাস পেরিয়ে গেলেও উপাচার্য কোন পদক্ষেপ নেননি। তাই শিক্ষক সমিতির আবারও লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে। শিক্ষকরা ক্লাস বর্জন করলেও পূর্ব নির্ধারিত পরীক্ষা চলবে বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়। উপাচার্য জরুরি কাজে ঢাকায় আছেন বলে জানা যায়। শিক্ষক সমিতির আন্দোলনের বিষয়ে উপাচার্যের কার্যালয়ে যোগাযোগ করা হলে কথা বলতে অপারগতা প্রকাশ করা হয়।
এদিকে গত ৯ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে অনিয়ম, দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিদের বিচারসহ ১৩ দফা দাবিতে আন্দোলন করে আসছে বঙ্গবন্ধু পরিষদ। তারা গত কয়েকদিন ধরে প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে রাখে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের বিরুদ্ধে অবস্থান নেয় শিক্ষকদের একটি অংশ প্রগতিশীল শিক্ষক জোট।
