দিনাজপুর-ঢাকা মহাসড়কের বিরামপুর উপজেলার বিজুল বাজার বটতলী নামক স্থানে গতকাল মঙ্গলবার যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখী সংঘর্ষে ৩ জন নিহত এবং আহত হয়েছে আরও ১৫ জন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী কোচ বিরামপুর উপজেলার বিজুল বাজার বটতলী নামক স্থানে পৌঁছলে বিপরীতগামী একটি পিক-আপের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ চালক মজিবর রহমান (৪৫) এবং শামসুল ইসলাম (৪২) নামে অপর আরেকজন নিহত হন। এই দুর্ঘটনায় আহত হয় ১৫ জন। এর মধ্যে ৩ জনকে গুরুতর অবস্থায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। এরপর নুরুন্নবী (৪৫) নামে আরেকজন যাত্রী চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। অন্যরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন। বিরামপুর থানার অফিসার্স ইনচার্জ নাসিরউদ্দীন মন্ডল জানান, এই দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
