আমার কাছে তথ্য আছে আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসবে :জয়

আপডেট : ২৩ জুলাই ২০১৩, ২৩:২৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, সামনে নির্বাচন অনেকে ভয়ে আছে, আমাদের সরকার কি আবার ক্ষমতায় আসবে? আমার কাছে তথ্য আছে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। সুতরাং আগামী ছয় মাস আমাদের মানুষের কাছে গিয়ে বিএনপির অপপ্রচারের জবাব এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরতে হবে। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে যুবলীগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্প্রতি দেশে এসেছেন তিনি। পুরো রমজান মাস তিনি দেশেই অবস্থান করবেন। সজীব ওয়াজেদ জয় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিএনপির অপপ্রচারের বিরুদ্ধে আমাদেরও প্রচারণায় নামতে হবে। এখন থেকে আগামী ছয় মাস বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের দুর্নীতি, সন্ত্রাস ও নির্যাতনের চিত্র তুলে ধরতে হবে। মানুষ যদি আওয়ামী লীগের দুর্নীতির কথা বলে, তাহলে তখন বলবেন, আসুন আমরা বিএনপির আমলের দুর্নীতির সঙ্গে এ আমলের দুর্নীতির তুলনা করি। তাহলেই মানুষ সহজে বুঝবে। কারণ তাদের কোন সফলতা নেই। তাদের সময় বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতি নিয়ে গবেষণা করে। তাদের গবেষণায় আমরা এখন দুর্নীতিতে ৪০তম কোটায় আছি। আর বিএনপি পাঁচ বছরে এক নম্বরে ছিল। সজীব ওয়াজেদ জয় বলেন, বিএনপি আমলে এমন কোন ছোটখাট ব্যবসা ছিল না যেখান থেকে হাওয়া ভবনকে চাঁদা দিতে হয়নি। তারা শুধু খাম্বা দিয়েছে, বিদ্যুত্ দিতে পারেনি। আওয়ামী লীগ সরকার ঢাকায় কতগুলো ফ্লাইওভার তৈরি করেছে। একটা ফ্লাইওভারের জন্য কাউকে কোন চাঁদা দিতে হয়নি। হাতিরঝিল তৈরি করে ঢাকা শহরের চেহারা পাল্টে দেয়া হয়েছে। সেখানে গেলে মনে হয় দেশের বাইরে কোথাও এসেছি। বাংলাদেশের অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। রমজানে আওয়ামী লীগ দেশের মানুষের সেবায় কাজ করে। ইফতার মাহফিলের প্যান্ডেলের দিকে ইঙ্গিত করে জয় বলেন, আজ আমার খুব ভালো লাগছে এ তাঁবুর মধ্যে ফ্যান চলছে। বিদ্যুত্ আছে। লোডশেডিংয়ের ভয় নেই। যা আওয়ামী লীগ সরকার সম্ভব করেছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছিল তখন দেশের অবস্থা কি ছিল, অর্ধেক দিন অন্ধকার থাকত। বিএনপি পাঁচ বছরে একটি নতুন বিদ্যুত্ কেন্দ্র স্থাপন করতে পারেনি। আওয়ামী লীগ কোথায় ব্যর্থ হয়েছে? বিএনপির সঙ্গে তুলনা করলে তাদের কোন সফলতা নেই।