সরকার দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনির করা মামলায় ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক ইমতিয়াজ মমিন সনি ও ক্যামেরাম্যান মহসিন মুকুলকে তিন মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন।
অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তথ্য সংগ্রহ করতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের দুই সংবাদ কর্মী শনিবার পল্টনে রনির কার্যালয়ে গিয়ে মারধরের শিকার হন। ঘটনার দিন রাতে ওই টেলিভিশন কর্তৃপক্ষ রনিকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এরপর রনি হত্যাচেষ্টার অভিযোগ এনে শাহবাগ থানায় পাল্টা মামলা করেন। এই মামলায় সনি ও মুকুলকে আসামি করা হয়। মামলায় তিনি অভিযোগ করেন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের তালাশ টিমের সদস্যরা তার অফিসের ফ্রন্ট ডেস্কের কর্মচারী আবদুল কুদ্দুসের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং তাকে অপহরণের চেষ্টা চালায়। গতকাল এই মামলায় হাইকোর্টে তারা জামিন চেয়ে আবেদন করেন। তাদের পক্ষে শুনানি করেন এডভোকেট আনিসুল হক। শুনানি শেষে হাইকোর্ট জামিন মঞ্জুর করে।
পরে আনিসুল হক সাংবাদিকদের বলেন, আদালত দুই সাংবাদিককে তিন মাসের জামিন দিয়েছেন। তিনি বলেন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের অন্যতম মালিক সালমান এফ রহমান এই মামলার আসামি নন। এর আগে রবিবার নিম্ন আদালত থেকে ইনডিপেনডেন্ট টেলিভিশনের করা মামলায় রনি আত্মসমর্পণ করে জামিন নেন।
