প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দেশ সফরে যাচ্ছেন। সব কিছু ঠিক থাকলে আগামী ২৮ মে ঢাকা ছাড়বেন তিনি। জাপান, সৌদি আরব ও তৃতীয় আরেকটি দেশ সফর শেষে প্রধানমন্ত্রী ঈদের পর দেশে ফিরবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছে।
জাপানের সবচেয়ে বড় মিডিয়া প্রতিষ্ঠান নিকেই প্রতি বছরের মতো এবারও টোকিওতে ‘ফিউচার অব এশিয়া’ অনুষ্ঠান আয়োজন করছে। আগামী ৩০ ও ৩১ মে অনুষ্ঠিতব্য এ আয়োজনে অংশ নিতে প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়েছে কর্তৃপক্ষ। নিকেইয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ৩০ মে সকালে শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা। একই দিন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহামেদও বক্তব্য দেবেন ওই অনুষ্ঠানে। জানা গেছে, বাংলাদেশ ও জাপান ৪০তম ওডিএ প্যাকেজের জন্য আলোচনা করছে। এই প্যাকেজের আওতায় জাপান অর্থ সহায়তা দেবে, যা মাতারবাড়ি বন্দর ও বিদ্যুত্ কেন্দ্র স্থাপনে ব্যবহার হবে। এছাড়া ম্যাস র্যাপিড ট্রান্সপোর্টের একটি অংশ বাস্তবায়নেও এখান থেকে অর্থ ব্যয় করা হবে। আগামী ২৯ মে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠকের পরে এই বিষয়ে একটি চুক্তি সই হতে পারে।
আগামী ৩১ মে সৌদি আরবে ওআইসি সামিট অনুষ্ঠিত হবে। ওই সামিটে যোগ দিতে জাপান থেকে সৌদি আরব যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুসলিম বিশ্বের সংহতি কামনা করে প্রধানমন্ত্রী সেখানে বক্তব্য রাখবেন। এছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহায়তাও চাইবেন প্রধানমন্ত্রী। সামিট শেষে একটি ইশতেহার প্রকাশ করা হবে। ওই ইশতেহারে রোহিঙ্গা ইস্যুটি যেন জোরালোভাবে আসে তার জন্য আলোচনা করবে বাংলাদেশ। এছাড়া প্রধানমন্ত্রী পবিত্র ওমরাহ পালন করবেন। সৌদি আরবের সফরের পরে ব্যক্তিগত সফরে আরেকটি দেশে যেতে পারেন প্রধানমন্ত্রী।
