ইসলামকে অসম্মান ও সংবিধান লঙ্ঘনকারী শফিকে শাস্তি দিন

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২১:৫১
হেফাজতে ইসলামের প্রধান আহমদ শফি নারীর প্রতি অসৌজন্যমূলক বক্তব্য দিয়ে ইসলামকে অসম্মান করেছেন। একইসঙ্গে বাংলাদেশ সংবিধান প্রদত্ত নারী-পুরুষের সমানাধিকারকে অস্বীকার করায় তিনি সংবিধান লঙ্ঘন করেছেন। এজন্য অবিলম্বে শফিকে গ্রেফতার করে যথাযথ শাস্তি দিতে হবে। নারীদের সম্পর্কে আহমদ শফির কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে পেশাজীবী নারী সমাজ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এই দাবি জানান। পেশাজীবী নারী সমাজের সভাপতি অধ্যাপক মাহফুজা খানমের সভাপতিত্বে মানববন্ধনে নারী নেত্রী, মানবাধিকার কর্মী , ছাত্র, শিক্ষক, আলেম ও বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। সম্মিলিত ইসলামী জোটের সভাপতি জিয়া-উল ইসলাম বলেন, ইসলাম নারীদের যথাযথ মর্যাদা দিয়েছেন। আর শফি তার সম্পূর্ণ বিরোধী ও কর্মজীবী নারীর প্রতি কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। তার ক্ষমা চাওয়া উচিত তওবা করা উচিত। অধ্যাপক মাহফুজা খানম বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে, এদেশের পেশাজীবী নারীদের অগ্রগতির বিরুদ্ধে কুচক্রি মহল ষড়যন্ত্র করছে। অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন বলেন, ‘আমাদের স্বাধীনতা যুদ্ধে নারী-পুরুষের সমান অংশগ্রহণ ছিল। দেশ স্বাধীন হওয়ার পর নারী-পুরুষের সমতাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার ছিল। আমাদের সংবিধানও নারী-পুরুষের সমান অধিকার দেয়। কিন্তু কিছু স্বার্থান্বেষী মানুষ ধর্মকে অপব্যবহার করে নারীর ক্ষমতা ভূলুণ্ঠিত করছে।’ শিরিন আক্তার বলেন, ধর্মকে ব্যবহার করে নারীকে ঘরে বন্দি রাখার ষড়যন্ত্র নারী সমাজ বরদাস্ত করবে না।