পীরগাছায় উদ্দীপনা পুরস্কারের অর্থ আত্মসাতের ঘটনায় মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অপসারণ ও বিচারের দাবিতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। উদ্দীপনা পুরস্কারে তালিকাভুক্ত ১৮৯ জন শিক্ষার্থী, তাদের অভিভাবক, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা পীরগাছা জে,এন মডেল উচ্চ বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিলসহ উপজেলা পরিষদ চত্বরে গিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভায় মিলিত হয়। মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি খন্দকার মতিয়ার রহমান, ব্রাহ্মণীকুন্ডা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, অন্নদানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বজলুর রহমান বুলু, অভিভাবক আব্দুল কুদ্দুস মিয়া, শিক্ষার্থী আব্দুর রউফ, ইসমেতারা আক্তার প্রমূখ।
