শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, বর্তমান সরকারের আমলেই শিক্ষকদের জন্য পৃথক বেতন কমিশন করা হবে। কেননা মেধাবীদের এ পেশায় আকৃষ্ট করতে উন্নত বেতন কাঠামোর বিকল্প নেই। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘রিসার্চ এন্ড এডুকেশনাল চেঞ্জ ইন বাংলাদেশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউজিল্যান্ডের ক্যান্টাবেরি বিশ্ববিদ্যালয়ের যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রমের অংশ হিসাবে এ বই প্রকাশিত হয়।
শিক্ষামন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানের গবেষণা দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। অন্যথায় এ উদ্দেশ্য ব্যর্থ হলে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নেই। আধুনিক বাংলাদেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণদের মধ্য থেকে অগ্র বাহিনী তৈরি করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক জালাল উদ্দিন, অধ্যাপক নাজমুল হক, নিউজিল্যান্ডের ক্যান্টাবেরী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের সহকারী ডিন এনিনকা গ্রীনউড।
