হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নেপালের কাঠমান্ডু থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে পরিত্যক্ত অবস্থায় তিন মণ বা ১২৪ কেজি ২২১ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। যার মূল্য ৫৩ কোটি ২০ লাখ টাকা। গতকাল বুধবার বেলা পৌনে তিনটার দিকে শুল্ক ও বিমান বন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কর্মকর্তারা এ সোনা উদ্ধার করেন।
জানা গেছে, বেলা আড়াইটার দিকে কাঠমান্ডু থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি ৭০২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। অবতরণের ১৫ মিনিট পর বিমানের ক্লিনাররা কার্গো হোল্ডের ভেতরে প্রবেশ করে। এতে সেখানে কর্তব্যরত শুল্ক কর্মকর্তাদের সন্দেহ হয়। অতঃপর শুল্ক ও এপিবিএন সদস্যরা কার্গো হোল্ডে তল্লাশী চালান। সেখান থেকে উদ্ধার করা হয় তিন মণ স্বর্ণের বার। উদ্ধার করা স্বর্ণের বারগুলো কালো কাপড় দিয়ে কাঁথারমত সেলাই করা অবস্থায় ছিল। ১ হাজার ৬৫টি সোনার বারের প্রতিটি বারের ওজন প্রায় ১০ তোলা।
কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া সোনার কোনো বুকিং না থাকায় বিমানটির কোনো কর্মী ছাড়া এ বিপুল পরিমাণ সোনা এখানে রাখা সম্ভব ছিল না। গোপনে বিমানের লাগেজ চেম্বারে এ বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে আসার পেছনে বিমান কর্তৃপক্ষেরও কেউ না কেউ অবশ্যই জড়িত।
এর আগে গত মঙ্গলবার সকালে চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ইউনাইটেড এয়ারওয়েজের একটি বিমানে করে মাস্কাট থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় ১৭ কেজি ওজনের ১৪৬টি সোনার বার পাওয়া যায়। গত ৬ জুলাই ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে কুয়েত থেকে আসা একটি বিমানে পাওয়া যায় প্রায় ২৫ কেজি সোনার বার।
