নিয়মবহির্ভূতভাবে সাভারের রানা প্লাজার নকশা অনুমোদন ও দায়িত্বে অবহেলার অভিযোগে সাভার পৌর মেয়র রেফাত উল্লাহকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। গতকাল বুধবার দুপুরে রাজধানীর সিআইডি কার্যালয়ে তলব করে তাকে আটক করা হয়।
অভিযোগ রয়েছে, ঢাকা-আরিচা মহসড়কে সাভার বাজার বাসষ্ট্যান্ডে যে স্থানে রানা প্লাজা ছিল তা ছিল জলাশয় ও বিরোধপূর্ণ জমি। ২০০৬ সালে ওই স্থানে মার্কেট নির্মাণের জন্য সাভার পৌরসভা থেকে ৬ তলা ভবনের প্লান পাস করায় রানা। ২০১০ সালে ওই স্থানে ৬ তলা ভবন থেকে অধিক মুনাফা লাভের আশায় রানা পৌর মেয়র রেফাত উল্লাহকে মোটা অংকের উেকাচের বিনিময়ে ১০ তলা ভবন নির্মাণের অনুমোদন নেন। ৬ তলা ভবনের প্লান পাসের পর পৌর কর্তৃপক্ষ কিভাবে ১০ তলা করার অনুমোদন দিল এ প্রশ্ন এখন সাভারের সর্বমহলে। ত্রুটিপূর্ণ ভবন নির্মাণ প্রতিরোধে পৌর কর্তৃপক্ষের গাফিলতি, দায়িত্ব পালনে অবহেলা বিধিবহির্ভূতভাবে ১০ তলা অনুমোদন দেয়ার অভিযোগে তাকে গ্রেফতার করে সিআইডি পুলিশ।
উল্লেখ্য, রানা প্লাজা ধসের কয়েকদিন পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
