চট্টগ্রামে দুর্নীতি মামলায় কাস্টমস কর্মকর্তার কারাদণ্ড

আপডেট : ২৪ জুলাই ২০১৩, ২২:৪৯
দুর্নীতি মামলায় চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তা আব্দুল কুদ্দুসকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই রায়ে আদালত তাকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করে। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. আতাউর রহমান গতকাল বুধবার এ রায় দেন। আদালতসূত্রে জানা যায়, ২০০৯ সালের আগস্টে চট্টগ্রাম কাস্টমসের প্রিন্সিপ্যাল অ্যাপ্রেইজার আব্দুল কুদ্দুসকে সম্পদের বিবরণী জমা দেয়ার জন্য নোটিস দেয় দুদক। ওই বছরের ১৩ মে তিনি সম্পদ বিবরণী জমা দেন। এরপর ওই বিবরণী নিয়ে তদন্ত শুরু করে দুদক। তদন্তে ৩১ লাখ ৫৩ হাজার ১৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়। এরপর ২০১০ সালের ২২ আগস্ট আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে নগরীর ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করেন দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক খলিলুর রহমান সিকদার। অভিযোগ গঠনের পর ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল এ রায় দেয় আদালত।