স্পেনে ট্রেন দুর্ঘটনায় ৭৭ জন নিহত

আপডেট : ২৫ জুলাই ২০১৩, ২১:০২
স্পেনের গ্যালিসিয়া এলাকায় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্ততপক্ষে ৭৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার বিকালে এ ঘটনায় ১৩১ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মাদ্রিদ থেকে ফেরোলে যাওয়ার পথে উত্তর স্পেনের শহর সান্তিয়াগো দে কমপোস্তেলায় ট্রেনটির ৮টি বগির সবগুলোই লাইন ছেড়ে বেরিয়ে আসে এবং উল্টে যায়। দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, উল্টে যাওয়া বগির নিচে অনেকেই চাপা পড়ে আছেন এবং উদ্ধারকর্মীরা তাদের বের করে আনার চেষ্টা করছেন। ট্রেনে মোট যাত্রী ছিলেন ২৪৭ জন। গ্যালিসিয়ার সুপ্রিম কোর্টের মুখপাত্র বৃহস্পতিবার সকালে জানিয়েছেন, মৃতের সংখ্যা ৭৭। তিনি আরো জানান, দুর্ঘটনাস্থলেই ৭৩ জনের মৃত্যু হয়েছে। বাকি চারজন মারা গেছেন হাসপাতালে। হাসপাতালগুলোতে বহু আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে, যাদের জরুরিভিত্তিতে রক্তের প্রয়োজন হওয়ায় সাধারণ মানুুষকে এগিয়ে আসার আহবান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বিবিসি জানিয়েছে, আঞ্চলিক সরকারের প্রধান আলবার্তো নুনেজ ফিজো স্থানীয় একটি রেডিওকে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তবে দুর্ঘটনার কারণ তাত্ক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছে, এটি অন্তর্ঘাতমূলক কোনো ঘটনা নয় বলেই তারা ধারণা করছেন। যদিও ২০০৪ সালে মাদ্রিদে ট্রেনে ইসলামি জঙ্গিদের বোমা হামলায় ১৯১ জন নিহত হওয়ার ঘটনা এখনো সবার মনে আছে। দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রী রিকার্দো মন্টেসকো স্থানীয় একটি রেডিওকে বলেন, “ট্রেন খুব দ্রুত যাচ্ছিল। মনে হলো একটা বাঁক নেয়ার সময় ট্রেন ঝুলতে শুরু করলো এবং বগিগুলো একটার ওপর আরেকটা পড়ে জট পাকিয়ে গেল।” রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্র নিয়ন্ত্রিত রেল কোম্পানির ওই ট্রেনে মোট ২৪৭ জন যাত্রী ছিলেন। গত চার দশকের মধ্যে এটিই স্পেনে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। সেইন্ট জেমসকে কেন্দ্র করে শহরটির প্রধান ধর্মীয় উত্সব উদযাপনের মুহূর্তে এই দুর্ঘটনা ঘটল। সেন্ট জেমস যিশু খ্রীস্টের প্রধান সাথীর একজন। ধারণা করা হয় তার সমাধি এই শহরে অবস্থিত। এ সময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খ্রিস্টান পুণ্যার্থীরা সান্তিয়াগো দে কমপোস্তেলায় ভিড় জমায়। দেশটির প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয় এই সান্তিয়াগো দে কমপোস্তেলা শহরেই জন্মগ্রহণ করেন। এক বিবৃতিতে রাজোয় শহরটির প্রধান ধর্মীয় উত্সবের আগে এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও সহানুভূতি জানিয়েছেন। নিহতদের জন্য দোয়া করার আহবান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। তিনি বর্তমানে ব্রাজিল সফর করছেন।