এ বছরের ম্যাগসাইসাই পুরস্কার জয়ীদের তালিকায় রয়েছেন আফগানিস্তান ও মিয়ানমারের দুই মহিলা। বুধবার ম্যানিলায় অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে একথা জানানো হয়। বিজয়ী এই দুই মহিলা হলেন আফগানিস্তানের বামিয়ান প্রদেশের গভর্নর হাবিবা সারাবি ও মিয়ানমারের কাচিন সংখ্যালঘু সম্প্রদায়ের সমাজকর্মী লাহপাই সেঙ রাউ। এএফপি’র বরাত দিয়ে কলকাতার বর্তমান পত্রিকায় একথা প্রকাশিত হয়। ৫৫ বছরের সারাবি আফগানিস্তানের প্রথম ও একমাত্র মহিলা গভর্নর। সংখ্যালঘু হাজারা গোষ্ঠীভুক্ত। ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, সারাবি ও রাউ দু’জনেই নিজেদের দেশে সংখ্যালঘু গোষ্ঠীর সদস্য। তা সত্ত্বেও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর যে সংকল্প তারা নিয়েছিলেন তাতে তারা থেমে থাকেননি। সারাবি যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে মহিলাদের অধিকার ও শিক্ষার প্রসারে যে অবদান রেখেছেন তারই স্বীকৃতি এই পুরস্কার। পাশাপাশি মিয়ানমারের সবচেয়ে বড় সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হলেন রাউ। এই প্রতিষ্ঠানটি স্বাস্থ্য, কৃষি ও শান্তিরক্ষায় উল্লেখযোগ্য কাজ করে চলেছে।
