যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ফাঁস করে পলাতক সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনকে মস্কোর শেরেমেটিয়েভো বিমানবন্দর ত্যাগের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দিয়েছে রাশিয়া। তিনি এখন শিগগিরই বিমানবন্দর ছাড়তে পারেন বলে বুধবার জানিয়েছেন বিমানবন্দরের এক কর্মকর্তা।
রাশিয়ার ইমিগ্রেশন সার্ভিস এবং স্নোডেনের আইনজীবী আনাতোলি কুচেরেনার এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও বিমানবন্দর কর্মকর্তা বলেছেন, স্নোডেনকে বিমানবন্দরেরই এক আইনজীবীর হাত দিয়ে কাগজপত্র দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্র স্নোডেনের পাসপোর্ট বাতিল করায় মস্কো বিমানবন্দরের ট্রানজিট এলাকায় এক মাসেরও বেশি সময় ধরে আটকা পড়ে আছেন তিনি। রাশিয়ায় সাময়িক আশ্রয়ের জন্য আবেদনও করেছেন স্নোডেন। তাকে বিমানবন্দর ছাড়ার যে পাস দেয়া হয়েছে তাতে রাশিয়ায় স্নোডেনের আশ্রয়ের আবেদনটি বিবেচনা করা এবং তাকে দেশটিতে প্রবেশ করতে দেয়ার নিশ্চয়তা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
