ঈদ বোনাস বাড়ানোর দাবিতে টঙ্গীতে পোশাক কারখানায় বিক্ষোভ

আপডেট : ২৫ জুলাই ২০১৩, ২১:১৬
টঙ্গীর পার্ল প্রিন্স অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানায় ঈদ বোনাস বৃদ্ধি ও হাজিরা বোনাসসহ বাত্সরিক ছুটির বেতনের টাকা ঈদের আগে দেয়ার দাবিতে বুধবার সকালে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এসময় নারী শ্রমিকদের ওপর কর্তৃপক্ষের নির্যাতনের অভিযোগ তুলেন শ্রমিকরা। এক পর্যায়ে শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করে এবং কারখানায় ইটপাটকেল ছুঁঁড়ে ভাংচুর শুরু করে। কর্তৃপক্ষ শ্রমিকদের আংশিক দাবি-দাওয়া মেনে নিয়ে কারখানা গেটে নোটিস প্রদান করেন। নোটিসে শ্রমিকদের দাবি শতভাগ পূরণ না হওয়ায় শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করতে থাকে। পরে শিল্প পুলিশ কারখানাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারখানা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ একদিনের ছুটি ঘোষণা করেন। এদিকে, টঙ্গীতে একইদিন বেলা ১১টার দিকে হাতিম গ্রুপের একটি লোহার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।