ইলিশ মাছের গবেষণায় একটি গবেষণা ও জরিপ জাহাজ নির্মাণ করবে সরকার। এ উপলক্ষে গতকাল সোমবার সচিবালয়ে খুলনা শিপইয়ার্ডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে মত্স্য গবেষণা ইনস্টিটিউট। সমঝোতা স্মারকে মত্স্য গবেষণা ইনস্টিটিউটের অধীন চাঁদপুর নদী কেন্দ্রের ইলিশ গবেষণা জোরদারকরণ প্রকল্পের পিডি আবুল বাশার ও খুলনা শিপইয়ার্ডের এমডি আনিসুর রহমান মোলা স্বাক্ষর করেন। এ সময় মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, মত্স্য ও প্রাণিসম্পদ সচিব রইছউল আলম মণ্ডল, মত্স্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান দিলদার আহমেদ, মত্স্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, মত্স্য অধিদপ্তরের মহাপরিচালক আবু সাইদ মো. রাশেদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রায় পৌনে আট কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য জাহাজটি খুলনা শিপইয়ার্ড লিমিটেড দুই বছরের মধ্যে হস্তান্তর করবে। চাঁদপুর নদী কেন্দ্রের ইলিশ গবেষণা জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে জাহাজটি নির্মিত হচ্ছে। মত্স্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ বলেন, গবেষণা জাহাজটিতে ফিশ ফাইন্ডার, ইকো সাউন্ডার এবং অত্যাধুনিক টেলিযোগাযোগ ব্যবস্থা, ইলিশ গবেষণার ল্যাবরেটরি, নেটিং সিস্টেম, পোর্টেবল হ্যাচারিসহ অন্যান্য আধুনিক প্রযুক্তির সংযোজন থাকবে। তিনি বলেন, জাহাজটি নির্মিত হলে দেশের সংশ্লিষ্ট নদী এবং সাগরের মোহনায় ইলিশের প্রজনন এবং বিচরণক্ষেত্রের পরিবর্তন পর্যবেক্ষণ, নতুনক্ষেত্র চিহ্নিতকরণ, ইলিশের জীবনচক্র, উত্পাদনশীলতার ওপর পরিবেশের প্রভাবসহ বিভিন্ন বিষয় নিরূপণ করা সম্ভব হবে।
