আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, জামায়াত আবার ফোঁস ফোঁস শুরু করেছে। তারা মাথা চাড়া দিয়ে উঠতে চায়। গোপনে ষড়যন্ত্র করছে। তাই স্বাধীনতার সংগ্রাম এখনো শেষ হয়নি। স্বাধীনতা বিরোধীদের দমনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে আরো কঠোর হতে হবে।
গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু পরিষদের সুপ্রিম কোর্ট বার শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশ পাকিস্তানিদের হাতে যাবে না এ হুঁশিয়ারি উচ্চারণ করে সংসদ উপনেতা বলেন, জামায়াতকে প্রতিহত করতে হবে।
সুপ্রিম কোর্টের বিভক্তি নিয়ে সংসদ উপনেতাকে কিছু কথা বলার আহ্বান জানান এক আইনজীবী। তার জবাবে তিনি বলেন, বিভক্তি কেউ উপর থেকে এসে নিরসন করে দিবে না। নিজেদের থেকে সমাধান করে নিতে হবে। আমাদের বিভক্তির সুযোগ নিয়ে স্বাধীনতার বিপক্ষের শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠছে।
বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি আব্দুল বাসেত মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, এটর্নি জেনারেল মাহবুবে আলম, আইনজীবী শ ম রেজাউল করিম, এডভোকেট লায়েকুজ্জামান মোল্লা প্রমুখ।
