নির্বাচন নয়, এখন তত্ত্বাবধায়কই প্রধান লক্ষ্য

আপডেট : ২৫ জুলাই ২০১৩, ২২:৫৬
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন নয়, এখন আমাদের প্রধান লক্ষ্য হলো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার বিষয়টি নিশ্চিত করা। তিনি বলেন, একমাত্র তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন হতে হবে। কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ চায় নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক। বুধবার লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে বক্তৃতাকালে তিনি একথা বলেন। ২০০৮ সালে চিকিত্সার জন্য যুক্তরাজ্যে আগমনের পর তারেক রহমান দ্বিতীয়বারের মত প্রকাশ্য সভায় বক্তৃতা রাখলেন। সেন্ট্রাল লন্ডনের গুয়োম্যান হোটেলে আয়োজিত ইফতার মাহফিলে তারেক রহমান ঘণ্টাব্যাপী বক্তৃতা করেন। বক্তৃতার শুরুতেই তিনি বলেন, আমাদের ধর্ম, বিশ্বাস কিংবা আদর্শ আলাদা হতে পারে, কিন্তু বাংলাদেশি হিসেবে আমরা সকলেই দেশকে সমানভাবে ভালোবাসি। তারেক রহমান শিক্ষিত জাতিকে মূল্যবান সম্পদ হিসেবে আখ্যায়িত করে বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হওয়া উচিত যা বিশ্বমানের নাগরিক জন্ম দেবে। এজন্য তিনি ইংরেজি শিক্ষার পাশাপাশি স্প্যানিশ, ফ্রান্স, জার্মান এসব ভাষা শিক্ষার গুরুত্বের কথা বলেন। তিনি শিক্ষাকে বাস্তবমুখী করার জন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পাশাপাশি মূল্যায়ন পদ্ধতিরও পরিবর্তন বলে মত দেন। এর ফলে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে উন্নয়ন ঘটবে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৫ বছরের ব্যবধানে ১৪ বিলিয়ন থেকে ২০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে তিনি মনে করেন। তারেক রহমান বলেন, বাংলাদেশের কৃষিকে রপ্তানিমুখী করতে হবে। তিনি কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য মূল্য নির্ধারণ কমিশন গঠনের কথা বলেন। শিল্প সম্পর্কে তারেক রহমান বলেন, গার্মেন্টস খাতে শ্রমিকদের বেতন, কর্মপরিবেশ এবং নিরাপত্তা এ বিষয়গুলোর সমাধান সময়ের দাবি। গার্মেন্টস শিল্পের জন্য আলাদা মন্ত্রণালয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এ মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হবে। বাংলাদেশের শিল্পের ৯১ শতাংশ ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উল্লেখ করে তারেক রহমান এসব শিল্প উদ্যোক্তার প্রশিক্ষণ এবং সরকারি প্রণোদনার প্রতি গুরুত্বারোপ করেন। তারেক রহমান বলেন, পর্যটন খাতে অব্যবস্থাপনা দূর করে পর্যটকের সংখ্যা প্রতি বছর ১ লাখ থেকে ৫ লাখে উন্নীত করা সম্ভব। রাজধানীর যানজট নিরসনে ঢাকার চার পাশে ওভারগ্রাউন্ড রেললাইন করার পাশাপাশি শিল্প কারখানাগুলোকে ঢাকার বাইরে সরিয়ে নেয়ার প্রতি জোর দেন। তত্ত্বাবধায়ক সরকার তারেক রহমান বলেন, বাংলাদেশের সকল মানুষ আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবছে; তা হল আগামী নির্বাচন। কিন্তু আমাদের কাছে নির্বাচন গুরুত্বপূর্ণ নয়; নিরপেক্ষ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে এ লক্ষ্যে কাজ করার জন্য তিনি আহ্বান জানান। তারেক রহমান ছাড়াও সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন সেলিম এবং যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার আবু সালেহ। এ অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপির সভাপতি শাইস্তা চৌধুরী কুদ্দুস, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ, বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সাবেক আহ্বায়ক এম এ মালেক উপস্থিত ছিলেন।