সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া গতকাল বৃহস্পতিবার যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে এক ইফতার ও নৈশভোজের আয়োজন করেন। এতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম প্রধান অতিথি এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইফতার অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা যোগদান করেন। প্রতিমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা এবং সেনাপ্রধান যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়ার হাতে সেনাবাহিনীর শহীদ মুক্তিযোদ্ধা সদস্যদের কবর সংস্কারের জন্য দেড় কোটি টাকার চেক হস্তান্তর করেন। ইফতার অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব, ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল আবু এসরার, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দসহ উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
