এবারের সর্বনিম্ন ফিতরা ৬৬ টাকা

আপডেট : ২৫ জুলাই ২০১৩, ২২:৫৭
এবারের ফিতরা নির্ধারণ করা হয়েছে জনপ্রতি সর্বনিম্ন ৬৬ টাকা। সর্বোচ্চ ফিতরা এক হাজার ৯৮০ টাকা। গতকাল বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ও জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। গত বছর সর্বনিম্ন ফিতরা ধরা হয়েছিল জনপ্রতি ৫৫ টাকা; এর আগের বছর ৫৩ টাকা। ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য ফিতরা আদায় করা ওয়াজিব। নাবালক ছেলেমেয়ের পক্ষ থেকে বাবাকে এই ফিতরা দিতে হয়। আর তা দিতে হয় ঈদ-উল-ফিতরের নামাজের আগেই। গম বা আটার ১ কেজি ৬৫০ গ্রাম অথবা খেঁজুর, কিসমিস, পনির বা যবের যেকোনো একটি পণ্যের ৩ কেজি ৩০০ গ্রামের বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যায়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন জানান, এসব পণ্যের বাজার মূল্য হিসেব করে এবার ফিতরা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৬৬ টাকা থেকে ১ হাজার ৯৮০ টাকা।