নাচ কি শুধুই মেয়েদের?

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ১৬:৫৫
নিলয়, উপল, উপমা, টুম্পা, শশী—এই পাঁচ বন্ধুর আড্ডাস্থলে ছিলেন আমাদের তরুণকণ্ঠ প্রতিনিধি। তাদের আড্ডায় ছিল যেমন মজাদার ঠাট্টা, ঠিক তেমনি ছিল সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে মতামত। তাদের আড্ডার চুম্বকীয় অংশগুলো এখানে তুলে ধরেছেন ‘নাচেন ভালো সুন্দরী গো বাঁধেন ভালো চুল’—পুরো বাক্যটিই কিন্তু মেয়েদের পাল্লাই ভারী করছে খুব স্বাভাবিকভাবেই। কিন্তু নাচ কি শুধুই মেয়েলি ব্যাপার। ছেলেরাও কি নাচতে পারে না। এ বিষয়টি নিয়েই গলা ফাটাচ্ছে ওরা পাঁচজন। আরে ভাই, আড্ডা কি শুধুই ঠাট্টা, এর সাথে রয়েছে যুক্তি-তর্ক-সমাধান। আসুন তা হলে ঘুরে আসি তাদের আড্ডাস্থল থেকে— নিলয় :নাচ মেয়েলি! আমার সংস্কৃতিমনস্ক সত্তা এ কথা স্বীকার করতে অস্বীকার করছে। উপল :আরে তুই গলা কাঁপিয়ে কথা বলছিস কেন? এটা কি যাত্রা পালা পেয়েছিস? উপমা :আরে যা! আর্টের আবার পুরুষালি বা মেয়েলি বলে কিছু হয় নাকি! টুম্পা :এহ, আমি প্রায়ই বিভিন্ন প্রোগ্রামে যাই বা ডিজে পার্টিতে যাই, তখন তো দেখা যায়, ছেলেদের নৃত্য কাহাকে বলে। তখনতো মেয়েলি মনে হয় না। শশী :এটা একটা ফালতু ধারণা, এ রকম কতকিছুই আছে। ‘মানবিকে তো শুধু মেয়েরাই পড়ে। ছেলেদের বাসন মাজতে নেই’—এ রকম আরও কত ফালতু যুক্তি। উপমা :ছবি আঁকা বা গান গাওয়ার ক্ষেত্রে জেন্ডার বেঁধে দেওয়া হয় না। তা হলে নাচের ক্ষেত্রে কেন হবে। যেহেতু এর সঙ্গে অনেক মেয়ে জড়িয়ে আছে? আসলে এগুলো হচ্ছে মেয়েদেরকে ছোট করার জন্য পুরুষালি ধান্দা। উপল :আরে আরে, তুই ছেলেদের দিকে আঙ্গুল তুলছিস কেন? নাচের সঙ্গে কত বিখ্যাত পুরুষদের নাম জড়িয়ে আছে—জানিস? শিবলী সাদিককে চিনিস? এপার-ওপার দুই বাংলায় তিনি বিখ্যাত। শশী :মূলত আমাদের দেশের নাচের ট্রেডিশন অনেক পুরোনো। তখন কিন্তু এই পুরুষালি-মেয়েলি পার্থক্যটা ছিল না। অনেকেই আবার মনে করে ডিস্কো বা ডিজে নাচটা পুরুষালি। কিন্তু কোনো ছেলে কত্থক বা ভারত নাট্যম নাচলেই সে মেয়েলি হয়ে যায়। নিলয় :নৃত্য রস এক অমৃত। এর কোনো জাত বিভেদ নেই। টুম্পা :আমি চাই হ্যান্ডসাম ছেলেরা নাচ শিখুক আর তা যদি আমার কাছে আসে শেখার জন্য, তা হলে আমি একেবারে ফ্রিতেই শেখাতে পারি হা হা হা... মূলত উপরের আড্ডা থেকে যে সমাধানটি উঠে আসছে, তা আপনাদের কাছে দিনের আলোর মতোই পরিষ্কার। আসলে নাচের ক্ষেত্রে কোনো ছেলে-মেয়ে বলে কিছুই হয় না। এখানে লিঙ্গ বৈষম্য করাটা পুরোপুরি অনুচিত।