অ্যাসাঞ্জের রাজনৈতিক দলের যাত্রা শুরু

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ২০:৫৪
আনুষ্ঠানিকভাবে নিজের রাজনৈতিক দলের ঘোষণা দিলেন আলোচিত ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। যুক্তরাজ্যের লন্ডনস্থ ইকুয়েডরের দূতাবাস থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে অস্ট্রেলিয়ার মেলবোর্নের এক লাইব্রেরিতে ‘উইকি-লিকস পার্টি’র যাত্রা ঘোষণা করেন তিনি।—খবর এনডিটিভির। বৃহস্পতিবার দল ঘোষণার সময় অস্ট্রেলিয়ার আসন্ন সিনেট নির্বাচনে নিজের প্রার্থীতাও ঘোষণা করেন অ্যাসাঞ্জ। এ বছরের শেষের দিকে ওই নির্বাচনে অ্যাসাঞ্জসহ তার দলের মোট সাতজন লড়াই করবেন। সুইডেনে যৌন হয়রানি মামলার ফেরারি আসামি অ্যাসাঞ্জ বর্তমানে ইকুয়েডরের দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। তিনি অস্ট্রেলিয়ায় ফিরে যাবেন বলে জানিয়েছেন তার মুখপাত্র সামানথা ক্রস। ক্রস জানান, নির্বাচনে দাঁড়ানোর জন্য অস্ট্রেলিয়ায় ফেরত যেতে চান তিনি (অ্যাসাঞ্জ)। অস্ট্রেলিয়ায় ফেরার ব্যাপারে আশাবাদী তিনি। ভিক্টোরিয়া রাজ্য থেকে নির্বাচনে লড়াই করার কথা অ্যাসাঞ্জের। যদি অস্ট্রেলিয়ায় ফেরা সম্ভব না হয় তাহলে নির্বাচনে রানিংমেটকে মনোনয়ন দেবে উইকিলিকস পার্টি। সিনেট নির্বাচনে উইকিলিকস দলের যে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের দু’জন ভারতীয় বংশোদ্ভূত। তাদের একজন বিনয় কাম্পমার্কের জন্ম মালয়েশিয়ায়। পূর্ব পুরুষ ছিলেন বাঙ্গালী। নির্বাচন করবেন ভিক্টোরিয়ায় উচ্চকক্ষে। অন্যজন সুরেশ রাজন নির্বাচন করবেন পশ্চিম অস্ট্রেলিয়া থেকে।