ভারতে ক্ষতিপূরণের নামে কৃষকদের সঙ্গে ‘তামাশা’

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ২০:৫৫
বৃষ্টিতে ফসলের ক্ষতি হওয়ার ক্ষতিপূরণ হিসেবে দেয়া হয়েছে মাত্র দুই রুপি থেকে ছয় রুপি। ক্ষতিগ্রস্ত প্রত্যেক কৃষককে ক্ষতিপূরণ হিসেবে সরকারের পক্ষ থেকে যে পরিমাণ অর্থ দেয়া হয়েছে তাতে অপমানিত বোধ করছেন তারা। সমপ্রতি ভারতের হরিয়ানা রাজ্যে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি অনলাইন। ২০১১ সালে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যায় হরিয়ানার ঝাজ্জর জেলার কৃষকরা ফসলহারা হন। ক্ষতির পরিমাণ নিরূপণ করে কৃষকদের ক্ষতিপূরণ দেয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। ক্ষতিপূরণের চেক কৃষকদের হাতে এসে পৌঁছলে তারা দেখতে পান, কেউ পেয়েছেন ছয় রুপি, কেউবা দুই রুপি। কেউবা এর মাঝামাঝি কোনো সংখ্যা। এটি কেমন ক্ষতিপূরণ হলো তাই নিয়ে বিস্মিত হয়ে পড়েন তারা। কাছের শহরে গিয়ে ব্যাংক থেকে টাকা তুলতেই এর চেয়ে বেশি খরচ পড়ে। আবার কোনো কোনো কৃষকের ব্যাংক একাউন্টই নেই। ব্যাংক হিসাব খুলতেই এর চেয়ে অনেক বেশি অর্থ প্রয়োজন। তাই সরকার পক্ষ থেকে দেয়া এই ক্ষতিপূরণ নিয়ে ক্ষুব্ধ কৃষকরা। রাজ্যের বিরোধী দল এই ক্ষতিপূরণকে কৃষকদের সঙ্গে করা “নিদারুণ মস্কারা” বলে অভিহিত করেছে। কিন্তু নিজ সিদ্ধান্তকে সঠিক বলেই বিবেচনা করছে রাজ্য সরকার। ক্ষতিপূরণ দেয়ার ক্ষেত্রে সরকারের অবস্থান স্বচ্ছ ও নিরপেক্ষ বলেও দাবি করেছে কর্তৃপক্ষ। হরিয়ানার মুখ্যমন্ত্রী ভুপিন্দার সিং হুডা জানিয়েছেন, একর প্রতি ৩ হাজার ৫শ’ রূপি ক্ষতিপূরণের অর্থ নির্ধারণ করে মোট ১ কোটি ১৪ লাখ রুপি বিতরণ করা হয়েছে। এতে যার যেমন পাওয়ার কথা তাই পেয়েছেন।