বাল্যবিয়ের প্রতিবাদ
ইউটিউবের ভিডিওর মাধ্যমে ১১ বছর বয়সের ইয়েমেনি মেয়ে নাদা আল-আহদাল বাল্যবিয়ের বিরুদ্ধে তার প্রতিবাদ ছড়িয়ে দিয়েছে সারাবিশ্বে। বাড়ি থেকে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায়ই ছিল না। মাত্র ১১ বছর বয়সের নাদা আল-আহদাল নামের ইয়েমেনি মেয়েটির। এক বৃদ্ধের সঙ্গে বিয়ের ভয়ে পালিয়েছে সে। আহদালের বিবৃতি ও বাল্যবিয়ের বিরুদ্ধে তার শক্তিশালী প্রতিবাদটি ইউটিউবে প্রকাশিত হওয়ার পর ব্যাপক আলোচনার সূত্রপাত করেছে। —রয়টার্স
কার্বন-ডাই অক্সাইড থেকে বিদ্যুত্
কার্বন-ডাই অক্সাইডকে বিদ্যুতে রূপান্তরের প্রক্রিয়া আবিষ্কার করেছেন গবেষকরা। সমপ্রতি নেদারল্যান্ডসের একদল গবেষক এ প্রক্রিয়াটি উদ্ভাবন করেছেন। সমপ্রতি তাদের গবেষণার ফলাফল এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি লেটার্স জার্নালে প্রকাশিত হয়েছে। প্রক্রিয়াটিতে পানি ও বিশেষ একটি পর্দার মাধ্যমে কার্বন-ডাই অক্সাইডকে আলাদা করে বিদ্যুত্শক্তিতে রূপান্তর করা হয়। -বিডি নিউজ
ডাইনোসরের লেজ
উত্তর মেক্সিকোর একটি মরুভূমিতে ৭ কোটি ২০ লাখ বছরের পুরনো এক ডাইনোসরের লেজের ফসিল আবিষ্কার করেছেন জীবাশ্মবিদদের একটি দল। সমপ্রতি মেক্সিকোর ন্যাশনাল ইন্সটিটিউট ফর অ্যানথ্রোপলোজি অ্যান্ড হিস্ট্রি (আইএনএএইচ) এই তথ্য জানিয়েছে। মেক্সিকোর সীমান্তবর্তী রাজ্য কোয়াহুইলায় আইএনএএইচ-এর পরিচালক ফ্রান্সিসকো আগুইলার জানান, সে দেশে প্রথমবারের মতো আবিষ্কৃত হওয়া ১৬ ফুটের ওই ফসিলটি অত্যন্ত যত্নের সঙ্গে সংরক্ষণ করা হচ্ছে। —রয়টার্স
