কবি শাহেদের ওপর হামলার বিচার দাবি

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ২১:০৪
কবি শাহেদ কায়েসের উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন দেশের কবি, লেখক ও শিল্পীরা। শুক্রবার জাতীয় জাদুঘরের সামনে কবি, লেখক ও শিল্পী সমাজের ব্যানারে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে কবি-লেখক নাসের খান বলেন, শুধু সুকুমার বৃত্তির চর্চাই নয় সমাজের কল্যাণে একজন প্রকৃত সংগঠক ও কর্মীর মতো কাজ করেন কবি শাহেদ। দুর্বৃত্তরা শাহেদের উপর হামলা চালিয়ে তাকে হত্যা করতে চেয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কবি পারভেজ হোসেন বলেন, সোনারগাঁওয়ে বালু-সন্ত্রাসীদের কার্যকলাপের ফলে নদী ভাঙন ও কৃষি জমি বিনষ্টের প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন সমাজকর্মী শাহেদ কায়েস। এই কারণে তার বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, হয়রানি হয়েছে, তার সহযোগীদের নানাভাবে বিপদগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু কবি কায়েসকে দমানো যায়নি। এতে ব্যর্থ হয়ে বৃহস্পতিবার তারা শাহেদকে অপহরণ করে তার উপর হামলা চালিয়েছে। নারায়ণগঞ্জে কবি শাহেদ কায়েসকে ট্রলার থেকে অপহরণ করে সন্ত্রাসীরা উপর্যুপরি আঘাত করে তাকে হত্যার চেষ্টা চালায়। আহতাবস্থায় তিনি বর্তমানে চিকিত্সাধীন রয়েছেন।