একটি দল যুদ্ধাপরাধ বিচারের বিপক্ষে অবস্থান নিয়েছে

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ২১:০৫
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি বলেছেন, দেশে যুদ্ধাপরাধীদের বিচার চলছে। কিন্তু একটি রাজনৈতিক দল এই বিচারের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সুপ্রিম কোর্ট শাখার সম্মেলনে প্রধান অতিথির ভাষণে সাজেদা চৌধুরী এসব কথা বলেন। সংগঠনের সুপ্রিম কোর্ট বার শাখার সভাপতি এডভোকেট সৈয়দ হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এডভোকেট আব্দুল বাসেত মজুমদার, এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, এডভোকেট শম রেজাউল করিম প্রমুখ। সাজেদা চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর ডাকে আমরা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলাম। অনেক ত্যাগ স্বীকার করে স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু স্বাধীনতার ফল পুরোপুরি ভোগ করতে পারিনি। কারণ স্বাধীনতা বিরোধিরা আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদেরকে প্রতিহত করতে হবে। সম্মেলন শেষে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট আব্দুল বাসেত মজুমদার সংগঠনের সুপ্রিমকোর্ট শাখার সভাপতি হিসেবে বশির আহম্মেদ এবং সম্পাদক পদে রবিউল আলম বুদুর নাম ঘোষণা করেন।