নীলফামারীর ইউপি চেয়ারম্যান বগুড়া থেকে বন্ধুসহ নিখোঁজ

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ২১:১৬
চুরি যাওয়া মোটরসাইকেল বগুড়া থেকে উদ্ধার করতে গিয়ে গত ৩ দিন থেকে নিখোঁজ রয়েছেন, নীলফামারী সদরের রামনগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম তুহিন ও তার বন্ধু পথিরাম রায়। এঘটনায় চরম আতঙ্ক এবং উত্কণ্ঠা দেখা দিয়েছে তাদের পরিবারে। নিখোঁজ তুহিনের মামাতো ভাই মজিবুর রহমান মজিদ জানান, নীলফামারী শহরের বিশিষ্ট তামাক ব্যবসায়ী তয়েজ উদ্দিনের পুত্র মুকুল হোসেনের একটি মোটরসাইকেল গত ২২ জুলাই সন্ধ্যায় শহরের মার্কাস মসজিদের সামনে থেকে চুরি যায়। সে মোটরসাইকেল উদ্ধারের জন্য সোর্সের মাধ্যমে পাওয়া খবরে ২৪ জুলাই চেয়ারম্যান তুহিন, তার বন্ধু পথিরাম, এনামুল হক, নুরুজ্জামান ও মোটরসাইকেল মালিক মুকুল হোসেন মাইক্রোবাস নিয়ে বগুড়ায় যান। সেখানে দফায় দফায় মোটরসাইকেল ফেরত দিতে চাওয়া লোকজনদের সাথে মোবাইল ফোনে কথা হয় চেয়ারম্যান তুহিনের। মজিদ জানান, বগুড়া শহরের জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের কাছ থেকে সন্ধ্যায় ইফতারের পর পরই একটি রিক্সা এসে জনৈক ব্যক্তি তুহিন ও পথিরামকে বগুড়া শহরের কলাবাগানে যাওয়ার কথা বলে নিয়ে যায়। এসময় অন্যরাও যেতে চাইলে ওপার থেকে মোবাইল ফোনে নিষেধ করা হয়। এর ১০/২০ মিনিট পরে চেয়ারম্যান তুহিন নুরুজ্জামানের মোবাইল ফোনে জানায়, আমরা আসছি। কিন্তু সে আসা আর গত ৩দিনেও হয়নি তুহিন ও তার বন্ধু পথিরামের। তাদের মোবাইল ফোন বন্ধ। কিন্তু পরিবারের পক্ষ থেকে জানানো হয় বগুড়া কোতয়ালি থানায় এব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।