দুর্গাপুরে মাদকাসক্ত স্বামীকে পুলিশে সোপর্দ

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ২১:১৮
রাজশাহীর দুর্গাপুরে মাদকাসক্ত স্বামীকে বৃহস্পতিবার পুলিশে সোপর্দ করেছেন এক গৃহবধূ। পরে পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করলে আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়ে জেল-হাজতে পাঠায়। দণ্ডিত সাইদুল ইসলাম উপজেলার পালী বাজারের লইমুদ্দিন মোল্লার পুত্র। গৃহবধূ মতিজান বেগম সাংবাদিকদের জানান, দীর্ঘদিন থেকে তার স্বামী গাঁজা ট্যাবলেটসহ বিভিন্ন নেশা করে আসছেন। সে কোন প্রকার কাজকর্ম করে না। অভাব-অনটনের সংসারে নিজে মহিলা হয়েও পার্শ্ববর্তী পুঠিয়া উপজেলার বানেশ্বরে কাজ করে দু’টি সন্তান নিয়ে খেয়ে না খেয়ে সংসার চালান। স্বামী সাইদুল প্রতিদিন নেশা করার জন্য টাকা চান। যেদিন টাকা দেয়া হয় না, সেদিন তাকেসহ দুই সন্তানকে মারপিট করেন। একইভাবে গত বুধবার রাতে নেশা করার জন্য সাইদুল তার স্ত্রীর কাছে টাকা চায়। স্ত্রী সামনে ঈদ তাই টাকা দিতে পারবে না জানালে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো হাসুয়া নিয়ে পুরো গ্রাম খোঁজাখুঁজি করে। স্বামীর নির্যাতনে অতিষ্ঠ মতিজান তার শ্বশুর লইমুদ্দিন মোল্লার সহায়তায় বৃহস্পতিবার মাদকাসক্ত সাইদুল ইসলামকে পুলিশে সোপর্দ করেন।