সিলেটের মোগলাবাজারে পুলিশের পরিচয়ে ডাকাতির চেষ্টা

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ২২:৪২
সিলেটের মোগলাবাজার থানাধীন কুচাই শ্রীরামপুর গ্রামে পুলিশের পরিচয়ে ডাকাতির চেষ্টা কালে গ্রামবাসী সাহসের সাথে তা প্রতিহত করেছে । এ সময় ডাকাতদের হামলায় গুরুতর আহত হন ৫ ব্যক্তি। তারা হচ্ছেন শ্রীরামপুরের খলকু মিয়ার ছেলে বদরুল, গৌছুল এবং আন্দু মিয়ার ছেলে রেজওয়ান, মাজেদ ও সজল। জানা গেছে, বৃহসপতিবার রাত ২টার দিকে ১০/১৫ জন ডাকাতের একটি দল গ্রামের খলকু মিয়ার বাড়ির গ্রীল কেটে ঢুকে। তারা পুলিশ পরিচয় দিয়ে ঘরের দরজা খোলার জন্য ডাকাডাকি শুরু করে। এতে ঘরের লোকজনের সন্দেহ হলে তারা মোবাইল ফোনে বিষয়টি ইউপি সদস্যসহ গ্রামের লোকজনকে অবগত করেন। ইউপি সদস্য ছুবা মিয়া মসজিদের মাইকে ডাকাতের আক্রমণের বিষয়টি ঘোষণা করলে গ্রামের লোকজন এগিয়ে আসেন। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খলকু মিয়ার ২ ছেলে ও আন্দু মিয়ার ৩ ছেলেকে আহত করে। তাদেরকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পালানোর সময় নজরুল (৩৮) নামে এক ডাকাতকে আটক করে গ্রামবাসী। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক নজরুল খুলনা জেলার দিঘলিয়া থানার বাতিরভিটা গ্রামের বাসিন্দা। ডাকাতির খবর পেয়ে মোগলাবাজার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ জানায়।