বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, প্রধানমন্ত্রীর মনের কথা তার ছেলে জয় বলে দিয়েছেন। তারা নীল নকশার নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় আসতে চান। কিন্তু তাদের সে স্বপ্ন পূরণ হবে না। দলীয় সরকারের অধীনে নির্বাচনের চেষ্টা করা হলে গণবিস্ফোরণের মধ্য দিয়ে সরকারের পতন ঘটানো হবে।
গতকাল জাতীয় প্রেসক্লাবে জাতীয় নাগরিক ফোরাম আয়োজিত ‘নির্দলীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন ঃ চলমান সঙ্কট উত্তরণের একমাত্র পথ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমতউল্লাহ, জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া মো. আনোয়ার ও স্বাধীনতা ফোরামের সহ-সভাপতি ইশতিয়াক আহমদ বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।
সরকার সমঝোতার পথে না গিয়ে সংঘাতের পথে হাঁটছে উল্লেখ করে মওদুদ বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচনের চেষ্টা করা হলে দেশে গণবিস্ফোরণ ঘটবে যা মোকাবেলার সাধ্য সরকারের থাকবে না। দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে না পারা সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ আরো দশ বছর ক্ষমতায় থাকলেও পদ্মা সেতু করতে পারবে না।
নির্বাচন কমিশনকে সরকারের তল্পিবাহক প্রতিষ্ঠান উল্লেখ করে মওদুদ আহমদ বলেন, ‘বিএনপিকে দুর্বল করার জন্য এ কমিশন সরকারের একটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে একটি বিতর্কিত দল প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে। বিএনপি এবার ক্ষমতায় গেলে প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে সুশাসন প্রতিষ্ঠা করা হবে।
