নির্বাচন নিয়ে জয়ের তথ্য কুটিল চক্রান্তের ইঙ্গিত :বিএনপি

আপডেট : ২৬ জুলাই ২০১৩, ২২:৫৬
প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়ের কাছে কারচুপি, নীলনকশা ও একতরফা নির্বাচনের তথ্য রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী। রিজভী বলেন, অপেক্ষাকৃত একজন তরুণ হিসেবে জাতীয় রাজনীতিতে বিদ্যমান পরিস্থিতি পরিবর্তনের অঙ্গীকার না করে আওয়ামী সংস্কৃতির চিরচেনা পথেই হাঁটলেন জয়। রিজভী বলেন, নির্বাচন নিয়ে জয়ের তথ্য কূটিল চক্রান্তের ইঙ্গিত বহন করে। বিএনপি এ ধরনের তথ্যে উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছে। গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন রিজভী। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, দলের যুগ্ম-মহাসচিব বরকত উল্লা বুলু, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার ও হেলেন জেরিন খান প্রমুখ। ‘আমার কাছে তথ্য আছে যে আগামী দিনে আওয়ামী লীগই ক্ষমতায় আসবে’ জয়ের এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, বিএনপি এ তথ্য জানে বলেই স্বৈরাচারী দরজার খিল ভেঙ্গে আন্দোলন চালিয়ে যাচ্ছে। রিজভী বলেন, একুশে আগস্ট বোমা হামলায় তারেক রহমানই আমার মাকে হত্যা করতে চেয়েছিল’- জয়ের এমন বক্তব্য তার অভিভাবকদের ন্যায় বিরোধীদলকে শত্রু মনে করা এবং প্রতিহিংসামূলক মিথ্যাচারেরই নমুনা। তিনি বলেন, জনগণ বিশ্বাস করে বর্তমান শাসকগোষ্ঠীকে ক্ষমতায় আনতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের নীলনকশার পরিণাম হচ্ছে একুশে আগস্ট। এটি একটি আন্তর্জাতিক মাস্টারপ্ল্যান। তত্কালীন বিএনপি সরকারকে বেকায়দায় ফেলতেই এটি করা হয়েছিল। তিনি বলেন, প্রধানমন্ত্রী নয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য তারেক রহমানকে হত্যা করা। বর্তমান সরকার ও ওয়ান ইলেভেন সরকারের অভিলাষ অভিন্ন ছিল। তিনি জয়ের উদ্দেশে বলেন, আপনি ক্ষমতাসীন দলের নির্লজ্জ চাটুকারিতা ও সহযোগিতা দ্বারা পরিবেষ্টিত। বিএনপি মনে করে, আপনি এই বক্তৃতার মধ্য দিয়ে আওয়ামী হিংসাশ্রয়ী সুরে সুর মিলিয়েছেন। তারেক রহমানকে ইঙ্গিত করে যে বক্তব্য দিয়েছেন তা অরুচিকর, অসত্য, বানোয়াট ও কাণ্ডজ্ঞানহীন। তিনি বলেন, তবে গত সাত মাসে সরকার কর্তৃক পরিচালিত গণহত্যার কারণে জনগণের কাছে ভিন্ন তথ্য রয়েছে। জনগণের তথ্য জয়ের তথ্যের সঙ্গে মিলবে না বরং তা উল্টো। কারণ জয়ের তথ্যের মূল যোগানদাতা হচ্ছে যুবলীগ ও ছাত্রলীগের সোনার ছেলেরা।