নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে দেয়া ‘ভারতরত্ন’ উপাধি কেড়ে নেয়া উচিত বলে করা মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন বিজেপি নেতা চন্দন মিত্র। শুক্রবার সিএনএন-আইবিএন টেলিভিশন চ্যানেলকে ভারতের প্রধান বিরোধী দলের এই সংসদ সদস্য বলেন,“আমার মনে হচ্ছে,আমি হয়তো অতিরঞ্জিত করেছি। ড. সেনের কাছ থেকে ভারত রত্ন কেড়ে নেয়ার মন্তব্যের জন্য আমি অনুতপ্ত। আমি একটু বেশি বলে ফেলেছিলাম।” তিনি বলেন, অমর্ত্য সেনকে নিয়ে তার মন্তব্য একান্তই ব্যক্তিগত। এটা বিজেপির অবস্থান নয়। — খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
বিজেপি নেতারাও ওই মন্তব্যকে মিত্রের ব্যক্তিগত অভিমত হিসেবে আখ্যায়িত করে এ বিতর্ক থেকে নিজেদের সরিয়ে রেখেছেন। পদক কেড়ে নেয়ার মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেও অমর্ত্য সেনের অর্থনীতি নিয়ে এদিন সমালোচনা করেন চন্দন মিত্র। “আমিও একজন বাঙালি এবং অর্থনীতির ছাত্র। আমার মনে হয়, অমর্ত্য সেনের অর্থনীতি সময়োপযোগী নয় এবং তা বিবেচনায় নেয়ার প্রয়োজন নেই।” অমর্ত্য সেনকে রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন,“তার একজন ভারতরত্নের মতো আচরণ করা উচিত।” তিনি দাবি করেন, রাজনৈতিক অভিলাষ থাকায় অমর্ত্য সেন বিজেপি বিরোধী। “তিনি একজন বামপন্থী। তিনি কংগ্রেসের নীতিকে সমর্থন করছেন। তবে বিজেপি নিয়ে তিনি যেভাবে কথা বলছেন তা ঠিক নয়। তার মতো ব্যক্তির এ ধরনের মন্তব্য করা উচিত নয়।”
গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অমর্ত্য সেনের মন্তব্য বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে চন্দন মিত্র বলেন, “ড. সেন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে দেখতে চান না। কিন্তু তিনি ভারতের ভোটার নন।”
