গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ডাকবাংলা সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার সড়কের মিঠার দোকান নামক স্থানে বাস ও হাইয়েচ মুখোমুখি সংঘর্ষে ১৩জন আহত হয়েছে। সংঘর্ষে হাইয়েচ চালক কক্সবাজারের উখিয়ার নাপিতখালী ইসলামপুর এলাকার আবদুল মজিদের পুত্র সুমন (৩২), একই এলাকার মোঃ কালুর পুত্র হেলপার মিজানুর রহমান (২২) ও বাসের হেলপার চকরিয়া মগনামা এলাকার রাশেদ (১৩) গুরুতর আহত হয়। আহতদের মধ্যে রয়েছে এস আলমের যাত্রী চকরিয়া কোণাখালির আবুল কালামের পুত্র নবী হোসেন (২২), পেকুয়া মগদার পাড়ার আবদুস ছবুরের পুত্র মোঃ ইদ্রিচ (২৫) ও অজ্ঞাতনামা ৩ জন। অপরদিকে, হাইয়েচের অজ্ঞাতনামা ৬ যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। জানা যায়, চট্টগ্রাম অভিমুখী বাস এস আলম এবং কক্সবাজার অভিমুখী হাইয়েচ উক্ত স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাইয়েচটি দুমড়ে-মুচড়ে যায় এবং এস আলম বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
