পাবনার ঈশ্বরদীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হাফিজুর রহমান তিতাস মোল্লা (৩৮) নামে এক ডাকাত নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সাঁড়া ইউনিয়নের ঝাউদিয়ার চানমারী গ্রামের নাবুর আখক্ষেতে এ ঘটনা ঘটে।
তিতাস অস্ত্র, বিস্ফোরক, ডাকাতি, মোটরসাইকেল চুরি, ছিনতাইসহ ১৭ মামলার পলাতক আসামি। তিনি ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা গ্রামের মৃত আব্দুল আজিজ মোল্লার ছেলে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আরো পড়ুন : শ্রীলঙ্কায় মুসলিম ও মসজিদের ওপর হামলা, নিহত ১
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, চানমারী গ্রামে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় গুলিতে ডাকাত তিতাস আহত হয়। পরে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/ইউবি
