জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মার্কেটের দোকান বরাদ্দ নিয়ে একটি সংঘবদ্ধ চক্র প্রতারণা শুরু করেছে। চক্রটি নিরীহ হকারদের কাছে থেকে টাকা হাতিয়ে নেয়া শুরু করেছে। আর এ ধরনের গুরুতর অভিযোগ করা হয়েছে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে। কমিটি বলেছে, এ বিষয়ে পরবর্তী বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, বায়তুল মোকাররম মার্কেটের ব্যবসায়ীরা দোকান বরাদ্দ নিয়ে প্রতারণার অভিযোগ এনে প্রতিকার চেয়ে সংসদীয় কমিটির কাছে আবেদন করেছেন। ব্যবসায়ীদের পক্ষে আবেদনে স্বাক্ষর করেছেন মো. হাফিজুর রহমান। কমিটিকে বলা হয়েছে, বিষয়টি প্রশাসনকে জানানোর পরও রহস্যজনক কারণে প্রতারণার সাথে জড়িতদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না।
এদিকে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সামীম মোহাম্মদ আফজাল বিষয়টি সম্পর্কে সাংবাদিকদের বলেছেন, বায়তুল মোকাররম মার্কেটে দোকান বরাদ্দ দেয়ার নামে টাকা তোলার প্রশ্নই উঠে না। তাছাড়া টাকা উঠানোর জন্য কাউকে দায়িত্ব দেয়া হয়নি। যদি কেউ টাকা উঠিয়ে থাকে তাহলে তা হবে অবৈধ। হকাররা দোকান পাওয়ার আশায় কাউকে টাকা দিলে তার দায়ভার কর্তৃপক্ষের নয়। পুরো টাকা খোয়া যাবে। এ ধরনের তত্পরতার সাথে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলে তাতে কর্তৃপক্ষের কোন আপত্তি থাকবে না।
সংসদীয় কমিটির নিকট করা অভিযোগে বলা হয়েছে, হকারদের পুনর্বাসনের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মার্কেটের দক্ষিণ-পশ্চিম দিকে ৯৮টি ক্ষুদ্র দোকান নির্মাণ করে। মাত্র ১৬ বর্গফুট আয়তনের এসব দোকান তালিকাভুক্ত হকারদের মধ্যে বরাদ্দ দেয়া হয়। গত ২০ বছরেরও বেশি সময় ধরে বরাদ্দপ্রাপ্তরা এসব দোকানে ব্যবসা করে আসছেন। কিন্তু রাজনৈতিক পরিচয়ে একটি চক্র ক্ষুদ্র দোকানের সামনের খালি জায়গায় নতুন দোকান তৈরি করে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দেয়ার নামে নিরীহ হকারদের কাছ থেকে টাকা আদায় শুরু করে। আর এর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কারো কারো সংশ্লিষ্টতা থাকতে পারে।
ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, বায়তুল মোকাররম মার্কেটের দোকানের আয়তন ১৬ বর্গফুটের স্থলে বৃদ্ধি করে ২৪ বর্গফুট করা হচ্ছে। সর্বমোট ৯৮টি দোকানের আয়তন বাড়ানোর পর যদি জায়গা খালি থাকে সেক্ষেত্রে নতুন দোকান নির্মাণ করা হবে। আর নির্মাণ করা নতুন দোকানগুলো উন্মুক্ত টেন্ডারের মাধ্যমেই বরাদ্দ দেওয়া হবে। সূত্র আরও জানায়, প্রতারক চক্র হয়তো এ সুযোগকে ব্যবহার করে হকারদের সাথে প্রতারণা করছে।
