আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে আবারও ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। কাশিমপুর কারাগার-২ থেকে রমনা থানা পুলিশ গতকাল বিকালে তাকে নিয়ে আসে। গত ২২ ফেব্রুয়ারি রমনা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলায় বলা হয় ওই দিন মাহমুদুর রহমানের নেতৃত্বে হেফাজত কর্মীরা শাহবাগের গণজাগরণ মঞ্চ ভাঙচুরের চেষ্টা এবং পুলিশের ওপর হামলা চালায়। ওই মামলায় পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হলে সিএমএম আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, গত ১২ মে আদালত মাহমুদুর রহমানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। শনিবার তাকে পূর্বের মঞ্জুর করা ৩ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য কাশিমপুর কারাগার থেকে নিয়ে আসা হয়েছে। কাশিমপুর কারাগার-২ এর সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির জানান, রমনা থানা পুলিশ আদালতের রিমান্ড নির্দেশ সম্বলিত কাগজ জমা দেয়ার পর বিকাল পৌনে ৬টার দিকে তাদের কাছে মাহমুদুর রহমানকে হস্তান্তর করা হয়।
