সিলেট ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ২৭ জুলাই ২০১৩, ২২:২৩
সিলেটের আম্বরখানা-সালুটিকর সড়কে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবদুর রউফ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার ৪ যাত্রী। আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবক কোম্পানীগঞ্জ উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামের বাসিন্দা। শনিবার সকালে কেওয়াছড়া চা বাগানের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। সিলেট বিমানবন্দর থানার ওসি খায়রুল ফজল জানান, পিকআপ ভ্যানটি সিলেট থেকে কোম্পানীগঞ্জ যাচ্ছিল এবং সিএনজি অটোরিকশাটি বিপরীত দিক থেকে আসছিল। আম্বরখানা-সালুটিকর সড়কের কেওয়াছড়া চা বাগানের কাছে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান আবদুর রউফ এবং আহত হয়েছেন ৪ জন। চট্টগ্রাম অফিস জানায়, নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট খতিববাড়ি মসজিদের সামনে বাস চাপায় এক শিশুর মৃত্যু ঘটেছে। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। সিটি সার্ভিসের বাসটি পেছন দিক থেকে শিশুটিকে ধাক্কা দিলেই ঘটনাস্থলেই সে নিহত হয়। দুর্ঘটনার পর এলাকাবাসী বাসটি ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেয়। এরপর তারা বাসচালককে পিটুনি দিয়ে গুরুতর জখম করে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। গণপিটুনিতে আহত বাসচালককে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।