সাতক্ষীরার পারুলিয়ায় থ্রি-হুইলার ও বাসের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত ও একজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের দেবহাটা উপজেলার পারুলিয়ায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মৃত্যুঞ্জয় বাছাড় (৩৪) সাতক্ষীরা সদর উপজেলার গাভা গ্রামের নরেন্দ্রনাথ বাছাড়ের ছেলে। আহত তাপস বাছাড় (৩৫) ওই গ্রামের বঙ্কিম বাছাড়ের ছেলে।
আরও পড়ুন: কুমিল্লায় আবারো কিশোর সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত্যুঞ্জয় বাছাড় ও প্রতিবেশি তাপস বাছাড় একটি কোম্পানির সেলসম্যান হিসেবে কাজ করে। মঙ্গলবার সকালে তারা ইঞ্জিনচালিত থ্রি-হুইলার গাড়িতে মালামাল নিয়ে দেবহাটা উপজেলার সখিপুর থেকে সেকেন্দ্রা এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে পারুলিয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামি যাত্রীবাহি বাস তাদের গাড়িতে ধাক্কা দিলে থ্রি-হুইলার উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় মৃত্যুঞ্জয়। এরপর মারাত্মক আহত অবস্থায় তাপসকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার অবস্থার অবনতি হয়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ অসীম কুমার সরকার জানান, তাপসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
