জয়ের বক্তব্য নিয়ে বিএনপি মিথ্যাচারে লিপ্ত হয়েছে :হানিফ

আপডেট : ২৭ জুলাই ২০১৩, ২৩:৩০
প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের সামপ্রতিক বক্তব্য বিষয়ে বিএনপি নেতৃবৃন্দের দেয়া বক্তব্যের নিন্দা জানিয়েছে আওয়ামী লীগ। শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, দেশের আর্থ-সামাজিক-রাজনৈতিক পরিস্থিতির উপর দিক-নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন। যে বক্তব্যে দেশের বাস্তব প্রতিচ্ছবি ফুটে উঠেছে। এই বক্তব্যের প্রেক্ষিতে বিএনপি নেতৃবৃন্দ মিথ্যাচারে লিপ্ত হয়েছেন। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসাইন ও বিএম মোজাম্মেল হক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফরিদুন নাহার লাইলিসহ অন্যরা উপস্থিত ছিলেন। মাহাবুব-উল আলম হানিফ বলেন, সজীব ওয়াজেদ জয় বোঝাতে চেয়েছেন, আওয়ামী লীগের লাখ লাখ কর্মীর মধ্যে যারা নিষ্ক্রিয়, তাদের সক্রিয় করে সরকারের সাফল্য জনগণের কাছে তুলে ধরলে জনগণ আবার আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে। এই তথ্যটি তার (জয়) কাছে আছে। জয়কে নিয়ে বিএনপির নেতৃবৃন্দের বক্তব্য নিতান্তই রাজনৈতিক প্রতিহিংসামূলক, অনাকাঙ্ক্ষিত ও দুর্ভাগ্যজনক। সজিব ওয়াজেদ জয় গত মঙ্গলবার ঢাকায় যুবলীগের এক ইফতার অনুষ্ঠানে বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ জিতবে বলে তথ্য আছে।’ তিনি বলেন, বিএনপি নেতৃবৃন্দ লাগামহীনভাবে আওয়ামী লীগ ও তার নেতৃত্ব সম্পর্কে অসত্য, কল্পিত, ভিত্তিহীন, রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত, দুরভিসন্ধিমূলক বক্তব্য দিয়ে চলেছে। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কুত্সা রটনার সময় ইচ্ছাকৃতভাবে ভুলে যান তাদের শাসনামলে দুর্নীতি, দুর্বৃত্তায়ন, দলীয়করণ, রাষ্ট্রীয় সন্ত্রাস, জাতীয় সম্পদ লুণ্ঠন, জাতীয় প্রতিষ্ঠান ধ্বংস, চরম দারিদ্র্য এবং সুশাসনের অনুপস্থিতিতে নাগরিক জীবনে নেমে এসেছিল ভয়াবহ বিপর্যয়। তাদের শাসনামলে বিনিয়োগ স্থবির হয়ে গিয়েছিল। অর্থনীতিতে নেমে এসেছিল চরম বিপর্যয়। মাহাবুব-উল আলম হানিফ বলেন, যে পরিবারের ডজনখানেক সদস্যের বিরুদ্ধে আদালতে দুর্নীতির মামলা বিচারাধীন এবং যে দল জনগণের কাছে দুর্নীতিগ্রস্ত দল হিসাবে পরিচিতি অর্জন করেছে, সে দলের অসত্ নেতাদের কাছে এমন মিথ্যাচারই স্বাভাবিক। খালেদা জিয়ার ছেলে তারেক রহমানই বিদেশে বসে ‘ষড়যন্ত্র’ করছেন। বিচার বিভাগ স্বাধীন। সরকার তারেক রহমানের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার চেষ্টায় আছে। আশা করি, আদালত দ্রুত বিচার শেষ করবেন। বিএনপি’র ‘নতুন ধারার’ সরকার বিষয়ে তিনি বলেন, তিনি স্পষ্ট না করলেও বোঝাতে চেয়েছেন, অতীতে তার সরকার পরিচালনায় ভুল ছিল। তবে ব্যর্থতা থেকে কিভাবে শিক্ষা নেবেন, সে বিষয়ে তিনি কিছুই বলেননি।