রংপুরের গঙ্গাচড়ায় যৌতুকের জন্য ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে পাষণ্ড স্বামী। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার কোলকোন্দ্র ইউনিয়নের কুড়িবিশ্বা গ্রামে। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উক্ত গ্রামের রোস্তম আলীর পুত্র রশিদুল ইসলামের সাথে একই গ্রামের শফিকুল ইসলামের কন্যা সফিনা বেগমের বিয়ে হয় ৫ বছর আগে। বিয়ের পর থেকে যৌতুক লোভী স্বামী রশিদুল ইসলাম যৌতুকের জন্য বিভিন্ন সময় তাকে নির্যাতন করতো। সে প্রায়ই জুয়া খেলে বাড়িতে ফিরে স্ত্রীকে নির্যাতন করতো। গত ৬ মাস পূর্বে নির্যাতনের মাত্রা বেশি হলে সফিনার বাবা বাদী হয়ে আদালতে একটি যৌতুকের মামলা করলে রশিদুল ১ মাসের হাজত বাস করে। হাজত থেকে ফিরে এসে পুনরায় যৌতুকের জন্য মারপিট করে। গত শুক্রবার রাতে সফিনাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। গতকাল শনিবার ভোরে লোকজন সফিনাকে মৃত্যু অবস্থায় দেখে তার বাবার বাড়িতে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে সফিনার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে গঙ্গাচড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
