দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে এবং সেই অনুযায়ী নির্বাচনের মাধ্যমেই কেবল ক্ষমতা হস্তান্তর করা হবে। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই শেষ করতে হবে। এ ব্যাপারে কোন দুর্বলতা, কোন সংকীর্ণতা, কোন দোদুল্যমানতা কাম্য নয়। তিনি আরো বলেন, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বর্তমান সরকারের মত অর্জন অতীতের কোন সরকারের ছিল না। মন্ত্রী গতকাল শনিবার দুপুরে কিশোরগঞ্জ শহরের কালীবাড়ি প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কানুতোষ মজুমদার।
মন্ত্রী বলেন, ’৭০-এর নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেয়ায় বঙ্গবন্ধু একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছিলেন। আর বিগত নির্বাচনে এদেশের মানুষ অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য মহাজোট সরকারকে ভোট দিয়েছিল। কিন্তু বর্তমানে জাতিকে দ্বি-খণ্ডিত করার প্রয়াস চলছে। সাম্প্রদায়িক-ধর্মান্ধ গোষ্ঠী জোটবদ্ধ হচ্ছে। তিনি বলেন, বিএনপি যতই জামায়াত-হেফাজতকে নিয়ে ক্ষমতায় যাবার স্বপ্ন দেখুক না কেন, এই দেশকে আফগানিস্তান বা পাকিস্তান বানানো যাবে না। ধর্ম নিয়ে রাজনীতি করার যুগ শেষ হয়েছে।
অ্যাডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি কাজল দেবনাথ, সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক সুব্রত পাল, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আসাদউল্লাহ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মো. আবদুল হাই, আওয়ামী লীগের জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. এ. আফজল প্রমুখ।
