গান্ধীর হত্যাকারীকে ‘হিন্দু সন্ত্রাসী’ বলায় কমলের জিভ কেটে নেয়ার হুমকি

আপডেট : ১৪ মে ২০১৯, ১৪:৩৬

অভিনেতা ও রাজনীতিবিদ কমল হাসান নির্বাচনী প্রচারণায় বলেছিলেন, ‘স্বাধীনতা পরবর্তী ভারতের প্রথম সন্ত্রাসবাদী এক জন হিন্দু ছিলেন। সেই সন্ত্রাসবাদী হলেন গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসে।’ সেই মন্তব্যের প্রেক্ষিতে তামিলনাড়ুর মন্ত্রী ও বিজেপি নেতা কে টি রাজেন্দ্র বালাজি তার জিভ কেটে নেয়ার হুমকি দিয়েছেন।

বালাজি বলেন, ‘সন্ত্রাসবাদের কোনও ধর্ম হয় না। না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান। কিন্তু কমল হাসান গডসেকে হিন্দু সন্ত্রাসবাদী বলেছেন। এমন মন্তব্যের জন্য তার জিভ কেটে নেওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘হাসান সমাজে বিষ ছড়াচ্ছেন। তার প্রত্যকটা কথাতেই বিষ রয়েছে। শুধু তাই নয়, জনসভায় দাঁড়িয়ে উস্কানিমূলক কথা বলে সমাজে দাঙ্গা বাধানোর চেষ্টা করছে হাসানের দল। নির্বাচন কমিশনের উচিত এখনই এই দলকে নিষিদ্ধ করা।’

আরও পড়ুন : মুক্তিযোদ্ধা’র পূর্বে ভুয়া শব্দ ব্যবহার করলে তলব : হাইকোর্ট

কমল হাসনের এই মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি। নির্বাচনের আগে পাঁচ দিন কমলের উপর পাঁচ দিনের জন্য নিষেধাজ্ঞা জারির আবেদনও জানানো হয়েছে।

বিজেপি, শিবসেনাসহ বহু রাজনৈতিক দল কমলের এই মন্তব্যের বিরোধিতা করলেও কংগ্রেস এবং দ্রাবিড় কাজাঘম (ডিকে) তার এই মন্তব্যকে সমর্থন জানিয়েছে। টিএনসিসি প্রেসিডেন্ট কে এস আলাগিরি বলেন, ‘আমি হাসনের মতামতের সঙ্গে ১০০০ ভাগ সহমত।’

অন্য দিকে, ডি কে প্রধান কে ভিরামণি বলেন, ‘আরএসএস-এর কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন গডসে।’ আরজেডি নেতা তেজস্বীও কমলের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ‘কমলের মন্তব্যে কোনও ভুল দেখছি না আমি।’

ইত্তেফাক/কেআই