রায়পুরায় কাল বৈশাখীর ঝড়ে শিশুর মৃত্যু

আপডেট : ১৪ মে ২০১৯, ১৫:৩৩

নরসিংদীর রায়পুরায় কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে ফয়সাল (৮) নামের প্রথম শ্রেণির এক মেধাবী ছাত্রের মৃত্যু হয়েছে। সে পৌর এলাকার প্রবাসী পল্টু মিয়ার ছেলে। এ সময় আহত হয়েছে একই গ্রামের আলিফ নামের ফয়সালের অপর এক সহপাঠীও। ঘটনাটি ঘটেছে রায়পুরা পৌর এলাকার থানাহাটি গ্রামে।

নিহত ফয়সালের স্বজনরা জানান, সোমবার ইফতারের কিছুক্ষণ আগে হঠাৎ কাল বৈশাখী ঝড় শুরু হয়। এ সময় ফয়সাল ও তার সহপাঠীরা মিলে বাড়ির অঙ্গিনায় আম কুড়াতে বের হয়। আম গাছের ডাল ভেঙ্গে তাদের উপর পড়ে। তাদের চিৎকারে স্বজনরা ঘর থেকে বের হয়ে আহত অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

আরও পড়ুন: মুক্তিযোদ্ধা’র পূর্বে ভুয়া শব্দ ব্যবহার করলে তলব : হাইকোর্ট

পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ফয়সালকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠান। ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। 

ইত্তেফাক/কেকে