সরকারি গাছ কাটতে গিয়ে একজন আটক

আপডেট : ২৮ জুলাই ২০১৩, ২২:১০
শনিবার গভীর রাতে উপজেলার বেড়ির হাট বানা এলজি ইডি সড়কে সরকারি গাছ চুরি করে কাটার সময় জনতা ১ জনকে আটক করে। এ সময় আলফাডাঙ্গা থানার এ.এস .আই সৈয়াদুর রহমান, টেলিফোন অপারেটর নাজিম উদ্দিন, পুলিশের সোর্স রনঞ্জু সরদার ও শহিদুল ইসলাম মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা মোটরসাইকেল দু’টি ভাংচুর এবং কর্তনকৃত গাছ ভর্তি নছিমন ও করাতি খলিলকে থানায় সোপর্দ করে। এছাড়া বিক্ষুব্ধ জনতা এ ঘটনায় জড়িত পুলিশের শাস্তি দাবি করে থানা প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ করে। আলফাডাঙ্গা থানায় কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, এই চক্রটি দীর্ঘ দিন যাবত্ গাছ কাটা, জুয়ার আসর থেকে মাসহারা গ্রহণ, মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসহারা গ্রহণসহ নানা অপকর্মের সাথে জড়িত। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া জানান, আমি বিষয়টি জানি না এবং আটককৃত মোটরসাইকেলটিও তাদের না বলে দাবি করেন। এদিকে এএস আই সৈয়াদুর রহমান ও টেলিফোন অপারেটর নাজিমউদ্দনকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ফরিদপুরে ক্লোজড করা হয়েছে।