নাটোরের বাগাতিপাড়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবু সায়েমের বিরুদ্ধে সেবাগ্রহীতা মিজানুর রহমানের (৪৪) মাথায় চেয়ার দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। বর্তমানে মিজানুর বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাঁকা ইউনিয়নের মালিগাছা গ্রামের মিজানুর রহমান মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলা ভূমি অফিসে সার্ভেয়ার আবু সায়েমের কাছে আসেন।
আহত মিজানুর রহমানের জানান, আদালত থেকে তদন্তের নির্দেশ আসায় সার্ভেয়ারকে সঠিক তদন্ত রিপোর্ট দেওয়ার অনুরোধ করলে আমার কাছে এক হাজার টাকা ঘুষ চান আবু সায়েম। আমি তার দাবি পূরণ করি। অথচ অনেক দিন বিগত হলেও তিনি তদন্ত না করে ঝুলিয়ে রেখেছেন। আজকে ঘুষের টাকা ফেরত চাইলে আমাকে সাদা কাগজে স্বাক্ষর করতে বলে। আমি স্বাক্ষর করতে অস্বীকার করি। কথা বলার এক পর্যায়ে তিনি চেয়ার তুলে আমার মাথায় আঘাত করে। ঘটনার সময় অফিসে অনেকেই ছিলেন। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।
বিষয়টি সম্পূর্ণ মিথ্যা দাবি করে অভিযুক্ত সার্ভেয়ার আবু সায়েম জানান, সকালে এসে লোকটি ঝামেলা শুরু করেন। তিনি নিজেই টেবিলের গ্লাসের সঙ্গে মাথা লাগিয়ে এমনটা করেছেন।
আরও পড়ুন: ৩-৪ দিনের মধ্যে পণ্য সরিয়ে নিতে ৫২ প্রতিষ্ঠানকে নির্দেশ
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (অতিঃ দায়িঃ) উম্মুল বানীন দ্যুতি বলেন, ঘটনাটি আমি শুনেছি। সরেজমিনে দেখবো। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/অনি
