দক্ষিণ আফ্রিকার শান্তির প্রতীক নেলসন ম্যান্ডেলার শারীরিক অবস্থা এখনো সংকটজনক। গতকাল অর্ধশত দিন হাসপাতালে কাটালেন এই নোবেল বিজয়ী। গত ৮ জুন ফুসফুসের সমস্যায় আক্রান্ত হয়ে প্রিটোরিয়া হাসপাতালে ভর্তি হন ম্যান্ডেলা। খবর এনডিটিভি’র।ম্যান্ডেলার একটি অপারেশন করার খবর পাওয়া গেলেও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। প্রেসিডেন্টের মুখপাত্র ম্যাক মহারাজ অপারেশনের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সংকটজনক। তবে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন। তার অসুস্থতার জন্য দক্ষিণ আফ্রিকার নাগরিকদের মধ্যে বিষণ্নতা নেমে এসেছে। পাশাপাশি বিশ্ব নেতারা ম্যান্ডেলার অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করে তার সুস্থতা কামনা করেছেন।
ম্যান্ডেলা ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন। তিনিই দেশটির প্রথম নির্বাচিত কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। এর আগে শ্বেতাঙ্গ শাসনামলে দীর্ঘ ২৭ বছর তিনি কারাভোগ করেন। শান্তিতে নোবেল বিজয়ী ম্যান্ডেলাকে শেষবারের মত ২০১০ সালের জুলাইয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা শুরুর আগে মাঠে দেখা যায়। এরপর তাকে আর জনসম্মুখে দেখা যায়নি।
