শিক্ষক-কর্মচারীদের এমপিও বাতিল সম্পর্কে অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার দাবি

আপডেট : ২৯ জুলাই ২০১৩, ২১:২৫
শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভুঁইয়া, জোটভুক্ত শিক্ষক সমিতির সভাপতি কাজী আব্দুর রাজ্জাক, কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রিন্সিপাল রেজাউল করিম ও মহাসচিব চৌধুরী মুগীসউদ্দিন মাহমুদ, অধ্যক্ষ পরিষদের সভাপতি প্রিন্সিপাল সামসুল হক ও মহাসচিব ড. মাহবুবুর রহমান মোল্লা, মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব মাওলানা মোঃ দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোঃ ইব্রাহীম ও মহাসচিব মোঃ জাকির হোসেন এক বিবৃতিতে বলেন, মাধ্যমিক স্তরে শিক্ষক কর্মচারীদের এম.পি.ও ভুক্তির বিষয়ে অর্থমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার মত দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে আশা করা যায় না। তিনি মাধ্যমিক শিক্ষক কর্মচারীদের এম.পি.ও বাতিল সম্পর্কে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে যে বক্তব্য প্রদান করেছেন তা অবিলম্বে প্রত্যাহার করা না হলে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান অচল করে দেয়া হবে। তার দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে। -প্রেস বিজ্ঞপ্তি