মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় বক্তারা

কবি সুফিয়া কামাল ছিলেন মানবাধিকার প্রতিষ্ঠার অগ্রপথিক

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ২২:২৪

দেশের সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব কবি সুফিয়া কামাল ছিলেন মানবাধিকার প্রতিষ্ঠার অগ্রপথিক। তিনি ছিলেন সমসাময়িক কালের একজন প্রভাবশালী সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি নারী-পুরুষের সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে আজীবন আন্দোলন করে গেছেন। কবি পরিচয়ের বাইরেও তার যে পরিচয় তরুণের মাঝে তুলে ধরতে হবে। গতকাল মঙ্গলবার কবি সুফিয়া কামালের ১৯তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন। সেগুনবাগিচায় মহিলা পরিষদের সুফিয়া কামাল ভবন মিলনায়তনে এই স্মরণ সভার আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটি।

সভা-প্রধানের বক্তব্যে মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, তরুণদের মধ্যে কবি সুফিয়া কামালের চর্চা বাড়াতে হবে। এজন্য আমাদের সেতুবন্ধনের কাজ করতে হবে। তিনি বলেন, সুফিয়া কামাল আমাদের শিখিয়েছেন সমাজে নারী-পুরুষের সমতা আনতে বহুমাত্রিক আন্দোলনের বিকল্প নেই। নারী আন্দোলনকে আরো বেগবান করতে অন্যান্য সংগঠন এবং ব্যক্তি উদ্যোগের সহযোগিতা প্রয়োজন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রুবায়েত ফেরদৌস বলেন, কবি সুফিয়া কামাল ছিলেন সমসাময়িক কালের একজন প্রভাবশালী সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি নারী-পুরুষের সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে আজীবন আন্দোলন করে গেছেন। আমাদের তরুণ সমাজকে এই আন্দোলন চালিয়ে যেতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সানজীদা আখতার বলেন, যার স্মরণে আমরা আজ এখানে একত্রিত হয়েছি, ‘মহিলা পরিষদ’ তারই হাত ধরে গড়ে উঠেছে। কবি পরিচয়ের বাইরেও নারী আন্দোলনে তার ভূমিকা, দেশভাগের ভূমিকা, মুক্তিযুদ্ধের ভূমিকার সাথে আমাদের তরুণ প্রজন্মকে পরিচিত করতে হবে। তিনি বলেন, কবি সুফিয়া কামালের জীবনীও পাঠ্যপুস্তকে যুক্ত হওয়া দরকার।

প্রয়াত কবি সুফিয়া কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে স্মরণ সভা শুরু করেন অতিথিরা। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম ও সিনিয়র ট্রেনিং এন্ড রিচার্স অফিসার শাহজাদী শামীমা আফজালী শম্পা। প্রয়াত কবি সুফিয়া কামালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মৃদুলা সমাদ্দার ও শ্রেয়া ঘোষ পূজা। স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামালসহ সংগঠনের উপদেষ্টা সেলিনা খালেক, সহ-সভাপতি ফওজিয়া মোসলেম, হান্নানা বেগম, মাখদুমা নার্গিস রত্না, নাহার আহমদ, সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ, স্বাস্থ্য সম্পাদক নূরুল ওয়ারা বেগম, অর্থ সম্পাদক দিল আফরোজ বেগম প্রমুখ।